আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারানো মানুষদের উদ্দেশে আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম জয় উৎসর্গ করলেন লাল-হলুদের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। মাঠে জয়ের আনন্দের মাঝেও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করে শোকাহত পরিবারগুলির প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। প্যালেস্তাইনের তারকা ফুটবলার রশিদের এই আবেগঘন বার্তায় ফুটে উঠল ফুটবলের বাইরের এক মানবিক মুখ।
রবিবার চার্চিল ব্রাদার্সকে কার্যত উড়িয়ে দিয়ে আইএসএলে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে সমর্থকদের মনে আশার আলো জ্বালিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে সেই জয়ের আনন্দের মাঝেও কলকাতার বুকে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথা ভোলেননি রশিদ।
সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “এ বছরের আইএসএলে আমাদের প্রথম জয় কলকাতার দুর্গাপুজোয় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের উৎসর্গ করতে চাই। তাঁদের আত্মার শান্তি কামনা করি।''
তিনি আলাদা করে উল্লেখ করেন আইএসএল-এর প্রথম ম্যাচের কথা। আইএসএলের নবাগত চার্চিল ব্রাদার্সকে মাটি ধরিয়ে জেতার পরে রশিদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ''আইএসএলে এটি ভাল সূচনা। আশা করি, এই জয়কে পাথেয় করে আমরা নিজেদের আরও উন্নত করব। জয় ইস্টবেঙ্গল।”
রশিদের এই বার্তায় জয়ের উদ্যাপনের পাশাপাশি ধরা পড়েছে গভীর শোক ও সহমর্মিতা। মাঠের লড়াইয়ে সাফল্য অর্জনের পরও শহরের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগ আরও একবার মনে করিয়ে দেয়, ফুটবল শুধুমাত্র গোল, জয় কিংবা পরাজয়ের খেলা নয়, মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গেও তার গভীর যোগ রয়েছে।
এ বার প্রথম ম্যাচের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই পরবর্তী লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের পরবর্তী প্রতিপক্ষ ইন্টার কাশী। প্রথম ম্যাচের সাফল্য ধরে রেখে পরের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে দলের। সমর্থকদের আশা, এই জয়ই হবে আরও উন্নত পারফরম্যান্সের সূচনা।
