লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা অবরোধ করেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
আজ সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর-মজু চৌধুরীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীহাট সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। পরে পুলিশ আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
