আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। আর তাতেই ক্ষুব্ধ ইয়েমেনের ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী। সৌদি কর্তৃপক্ষের সাম্প্রতিক অভিযোগকে এবার সম্পূর্ণ 'মিথ্যা' ও 'ভিত্তিহীন' বলে দাবি করেছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সৌদির সিভিল ডিফেন্স দাবি করে, হুথিদের দু'টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার পর সেগুলির ধ্বংসাবশেষ মক্কা ও মদিনা অঞ্চলে গিয়ে পড়ে। এর পরেই হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম 'এক্স'-এ জানান, "সৌদির তরফে পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারায় হামলার যে দাবি করা হয়েছে, তা ভয়াবহ মিথ্যা।" তিনি আরও জানান, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বরাবরই সৌদির তেল শোধনাগার এবং সেনা ঘাঁটিগুলি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়ানবু ও তায়েফ শহরকে লক্ষ্য করে আসা দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ জেদ্দা, তায়েফ এবং রাবিঘসহ বেশ কয়েকটি এলাকায় পড়ে। এর ফলে কিছু সময়ের জন্য মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।
অন্য এক বিবৃতিতে হুথি মুখপাত্র জানান, তারা রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর আরামকো প্রতিষ্ঠান, রাবিঘ তেল শোধনাগার, রিয়াদের পূর্ব-পশ্চিম পাইপলাইন, দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দর এবং খামিস মুশায়েতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিমানসংস্থাগুলিকে রিয়াধ বিমানবন্দর ব্যবহার না করার জন্য ফের হুঁশিয়ারি দিয়েছে তারা।
অন্যদিকে, ২০২২ সালের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইয়েমেনে অঞ্চলে হুথি ও সৌদি আরবের মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার অভিযোগ করেছে, হুথিরা আডেনের কোস্ট গার্ড দপ্তর লক্ষ্য করে তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে হুথিদের দাবি, তারা সেখানে সৌদি পরিচালিত সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে।
