বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন মা। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, কোথাও নেই ছোট্ট সাইফা। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রতিবেশী মুরাদ খান জানান, সকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছিল সাইফা। তার বাবা ফাহিম খানের ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে যান। কিছুক্ষণ পর সাইফাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তান সাইফার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
এমএইচ
