ঢাকা: রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায় এবং পরে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।
এ বিষয়ে জিএম কাদের গণমাধ্যমকে জানান, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তাকে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এরপর লোকজন তার বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি। থানায় ফোন দিলে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো সনাক্ত করা যায়নি। তবে বাসা কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি আর এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
