মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির পেছনের কড়ইগাছ থেকে মো. সবুজ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ অক্টোবর বুধবার সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার মো. সিকিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনে একটি কড়ইগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা সিকিম আলী বলেন, কয়েক দিন আগে তাঁর ছেলে তাঁকে জানিয়েছিলেন, কেউ একজন তাঁকে মেরে ফেলতে পারে। তবে ওই ব্যক্তির নাম বলেননি তিনি। এ ছাড়া তাঁর ছেলে কারও কাছে কিছু টাকা পেত বলে জানিয়েছিলেন। তাঁর মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে। এসব বিষয় থেকে তাঁদের ধারণা, সবুজকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তাঁরা।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এটিভি/ এম এইচ আই
