কালবেলা · দেশ
দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
১৫/১০/২০২৬

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দেশটির দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করেছে।
সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে গত শনিবার থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার ঘটনায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটছে। এর ফলে ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।
মূল প্রতিবেদনে যান ↗