বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিএনপিকে ভূতে ধরেছে, বিএনপিকে ভূতে ধরেছে। বলুন কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না করা যায় তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় ৫ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, ‘এ সরকার সংসদ সদস্যের শপথ গ্রহণ করেছে। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।’
তিনি বলেন, ‘বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না? কারণ, দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারে নাই। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন; বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থার রাজনীতি টিকে থাকবে।’
বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, এনসিপির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল প্রমুখ।
