রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় গণসংযোগ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কাছে পেয়ে চুমু দিয়েছেন এক ভক্ত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এনসিপির কর্মসূচির ভিডিওতে দেখা যায়, গণসংযোগের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কাছে পেয়ে এক ব্যক্তি তাকে চুমু দেন।
এদিন চকবাজার ও বংশাল এলাকায় এনসিপির গণসংযোগ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়। কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগও ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘চুমুকাণ্ড’ নামে আলোচনায় আসে।
