আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সামনে রেখে বৈশ্বিক উষ্ণায়নের ফলে চরম ঝুঁকিতে থাকা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় বর্ণাঢ্য পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা’ টিমের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের ঐতিহাসিক পোস্ট অফিস মোড় থেকে এ জলবায়ু পদযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংস্থার নেতারাসহ ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাসিন্দারা অংশ নেন। সমাবেশে সভাপতির বক্তব্যে গ্রিন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু বিপর্যয়ে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের কারণেই উপকূলের প্রান্তিক মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে।
বছরের পর বছর ধরে এখানকার মানুষকে রিমাল, সিডর, আইলা, আম্পানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র নদীভাঙন এবং আশঙ্কাজনক মাত্রায় লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জলবায়ু পরিষদ, মাধব চন্দ্র দত্ত, উপদেষ্টা, গ্রিন কোয়ালিশন ও মানবাধিকারকর্মী, শরীফুল্লাহ কায়সার সুমন, সদস্যসচিব, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম ও জ্যেষ্ঠ সাংবাদিক, শেখ সিদ্দিকুর রহমান, সভাপতি, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, মফিজুর রহমান, সভাপতি, সদর উপজেলা পানি কমিটি আব্দুস সামাদ, স্থানীয় ভূমিহীন নেতা গাজী মাহিদা মিজান, প্রোগ্রাম অফিসার, বারসিক জাহাঙ্গীর আলম, যুব সংগঠক জ্যোতি সরকার।