আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিংয়ে ঝুঁকিপূর্ণ গাড়ি উল্টে যাওয়ার দৃশ্য ধারণ করতে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ইমরান হাশমি।
শুটিংয়ের পেছনের দৃশ্যের (বিটিএস) একটি ভিডিওতে দেখা যায়, ক্রেনের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি গাড়ি শূন্যে উল্টে নিচে পার্ক করে রাখা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। গাড়িটি অভিনেতা ইমরান হাশমির মুখের খুব কাছাকাছি চলে আসে।
‘গানমাস্টার জি৯’-এর ক্লাইম্যাক্সের শুটিংয়ে এই ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের সময় ঘটনাটি ঘটে। এর আগে হরিদ্বারেও সিনেমাটির শুটিং ঘিরে একটি ঘটনা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছিল।
এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত দৃশ্যের অংশ ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো ভুল হয়েছিল—এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো বিবৃতি দেননি।
সিনেমাটির শুটিং ঘিরে এবারই প্রথম ঝামেলা তৈরি হয়নি। এর আগে জুন মাসে হরিদ্বারে শুটিংয়ের সময় স্থানীয় বাসিন্দারা সিনেমার সেটকে সত্যিকারের বার ভেবে বসেন। এ নিয়ে সেখানে ব্যাপক জনবিক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগে বিস্ময় প্রকাশ করে প্রযোজক দীপক মুকুট বলেন, ‘কারও অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য ছাড়াই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমরা বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করতে যাই। আমরা সব সময় স্থানীয় ব্যবস্থা ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং সব নিয়ম মেনে চলি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর বিষয়টি মিটিয়ে ফেলেছি।’
তিনি আরও বলেন, একজন হিন্দু হিসেবে হরিদ্বারে বার খোলার কথা তিনি কখনোই বিবেচনা করতেন না।
‘গানমাস্টার জি৯’ সিনেমায় অভিনয় করেছেন ইমরান হাশমি, জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সিনেমাটি প্রযোজনা করেছেন দীপক মুকুট, হুনার মুকুট ও সংগীতা আহির। সোহাম রকস্টার এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের উপস্থাপনায় সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত।
অ্যাকশন ও রোমান্সধর্মী সিনেমাটি ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
