ছয় শিল্পী তিন মাস ধরে ২০ ফুটের এই প্রতিমা তৈরি করছেন, এতে খরচ হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা।
Published : 11 Oct 2026, 08:05 PM
Updated : 11 Oct 2026, 08:05 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক মণ মটর ডাল দিয়ে তৈরি হচ্ছে ২০ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা।
উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গামন্দিরে ছয় শিল্পী মিলে প্রায় তিন মাস ধরে প্রতিমাটি তৈরি করছেন বলে জানান প্রধান প্রতিমাশিল্পী রাজিব সরদার।
রাজিব খুলনার পাইকগাছা থেকে এসে পাঁচ বছর ধরে এই মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন। প্রায় ২৫ বছর ধরে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত এই শিল্পী এবারই প্রথম মটর ডাল দিয়ে প্রতিমা তৈরি করছেন।
রাজিব সরদার বলেন, “সাধারণত মাটি, রং আর তুলির আঁচড়ে প্রতিমা তৈরি করি। এবার দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চিন্তা থেকেই মটর ডাল দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছি।”
তিনি বলেন, “কাজটি বেশ কঠিন। প্রতিটি ডাল যত্ন করে বসাতে হচ্ছে, যাতে প্রতিমার সৌন্দর্য ঠিক থাকে। প্রায় তিন মাস ধরে কাজ করছি। আশা করছি, প্রতিমাটি দর্শনার্থীদের মুগ্ধ করবে।”
প্রতিমাশিল্পী বিধান মণ্ডল বলেন, “একটি একটি করে ডাল প্রতিমার গায়ে বসাতে হয়। কোনো ডাল সরে গেলে আবার ঠিক করতে হয়। এ কাজে অনেক ধৈর্য ও পরিশ্রম লাগে। প্রতিমার প্রতিটি অংশ নিখুঁত করতে আমরা দিনরাত কাজ করছি।”
মন্দির কমিটির সভাপতি লালা ঘোষ বলেন, “আমরা প্রতিবছরই প্রতিমা তৈরিতে নতুনত্ব আনার চেষ্টা করি। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম। এবার মটর ডাল দিয়ে তৈরি করছি। এতে অন্তত এক মণ ডাল লাগছে। প্রতিমা তৈরি ও সাজসজ্জা মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে।”
মন্দিরে প্রতিমা দেখতে আসা ইতি ঘোষ বলেন, “এবার মটর ডাল দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে, যা সত্যিই ব্যতিক্রমী। প্রতিমার কারুকাজ খুব সুন্দর হয়েছে। বিশেষ করে দেবী দুর্গার মুখের গড়ন আমার অসাধারণ লেগেছে।”
এ বছর ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শরীয়তপুরের ১০২টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নড়িয়ার ঘোষপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গামন্দিরের মটর ডালে তৈরি প্রতিমাটি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হবে বলে আশা করছেন আয়োজকেরা।
