জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি ৯৮টি বিএড (ব্যাচেলর অব এডুকেশন) কলেজে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোনো নিষেধাজ্ঞা নেই। এসব কলেজের হালনাগাদ তালিকা প্রকাশ করে ভর্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে অনুমোদিত বিএড কলেজগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা ৯৮টি কলেজের মধ্যে ৮৩টি বেসরকারি ও ১৫টি সরকারি। তালিকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়, কলেজগুলোর অবস্থান, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও শিক্ষকের সংখ্যায় পার্থক্য থাকতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে একই সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করে পাঠদান করা হয়। কোর্স শেষে শিক্ষার্থীরা একই পরীক্ষায় অংশ নেন। ফলে সরকারি ও বেসরকারি কলেজের মধ্যে প্রাতিষ্ঠানিক পার্থক্য থাকলেও ডিগ্রির সনদ ও মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত তালিকায় থাকা কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ভর্তি ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে কোনো আইনি বা নীতিগত বাধা নেই।
প্রজ্ঞাপনে বিএড কলেজে ভর্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা ও প্রকাশিত তালিকা অনুসরণ করতে বলা হয়েছে।
