শাহিন, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে হযরত আয়েশা (রা.) তাওহীদীয়া মহিলা মাদরাসা উপলক্ষে এবং জীবিত ও মরহুম কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সম্মেলন উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরণ)।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন মধুপুরের পীর সাহেব আল্লামা শাঈখ আব্দুল হামিদ (দা.বা.)। তিনি তাঁর বক্তব্যে দ্বীন, ঈমান, আখেরাত এবং নারীদের দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানবাগ পশ্চিম পাড়ার সমাজসেবক মো. নাজমুল প্রধান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাইফুল ইসলাম খন্দকার।
মহাসম্মেলনে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অংশ নেন। আলোচনা শেষে দেওয়ানবাগসহ দেশ-বিদেশের সব মরহুম মুমিন-মুমিনাত ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
