সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যদণ্ড কার্যকর করার ঘটনায় দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।
আজ রোববার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন পররাষ্ট্র সচিব। নির্দিষ্ট দেশে অবস্থানকালে সেই দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। তবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে উভয়পক্ষই বৈঠকে সন্তোষ প্রকাশ করে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করে।
সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায় এবং মৃত্যুদণ্ডের রায় দেয়।
অভিযুক্তদের কর্মকাণ্ডের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারিক বিবেচনাধীন শাস্তি হিসেবে এ রায় দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে রায়টি বহাল থাকে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
