কালবেলা · টেক
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা
১৩/১০/২০২৬

ফ্রান্সে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ব্যাপক খাদ্যপণ্য নষ্ট হয়েছে। হামলার কারণে বিভিন্ন দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কয়েকটি সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (স্থানীয় সময়) ফ্রান্সের শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইন ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, ই লেক্লের্কসহ একাধিক প্রতিষ্ঠান এ হামলার বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানগুলো ঘটনাটিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেট্টোর অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। এ ছাড়া কো-অপারেটিভ ইউর ১০০টির বেশি আউটলেটে হামলার প্রভাব পড়েছে।
ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্যারেফুর জানিয়েছে, তাদের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, মোনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের মধ্যে আনুমানিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। ই লেক্লের্ক জানিয়েছে, তাদেরও বেশ কয়েকটি দোকান লক্ষ্যবস্তু ছিল।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সজুড়ে কয়েকটি বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সংযুক্ত রেফ্রিজারেটর ব্যবস্থায় এই বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ঘটনার পর ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এএনএসএসআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, হামলার প্রভাব অন্য দেশেও পড়েছে কি না, তা খতিয়ে দেখতে ফ্রান্স ইউরোপের অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। একই সঙ্গে ফ্রান্সের অন্যান্য প্রতিষ্ঠানও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে কি না, তা মূল্যায়ন করছেন কর্মকর্তারা।
তবে হামলার পেছনে কারা জড়িত, কীভাবে রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং এর ফলে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗