রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।
লিখাচেভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা প্রকল্পটি সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের।
তিনি আরও জানান, রূপপুরের দ্বিতীয় ইউনিটে আগামী বছর চালুকরণ কার্যক্রম শুরু করার প্রত্যাশা করছে রোসাটম।
সংস্থাটি জানায়, ২০২৬ সালের ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়। প্রকল্পটির সাধারণ ঠিকাদার ও নকশা প্রণয়নকারী সংস্থা হিসেবে রোসাটমের প্রকৌশল বিভাগ এ কাজ করে। এটি ইউনিটটির চালুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।
২০১১ সালে স্বাক্ষরিত আন্তসরকারি চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রোসাটম। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
এদিকে বাংলাদেশের জন্য ছোট আকারের ও ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব নিয়েও আগ্রহের কথা জানিয়েছেন লিখাচেভ। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী রোসাটমের অন্যান্য সম্ভাব্য প্রস্তাব সম্পর্কেও জানতে চেয়েছেন। এসব প্রযুক্তি অন্যান্য দেশের জন্য সংস্থাটির সমন্বিত প্রস্তাবের অংশ।
