জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা আরজে মিতে। মাত্র ৩৪ বছর বয়সেই মারা গেছেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে তারা প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতের মৃত্যুর খবর জানাচ্ছেন।
বিজ্ঞাপন
২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন মিতে। সিরিজটিতে তিনি ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেন। রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান ব্রায়ান ক্র্যানস্টন।
সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন আরজে মিতে। নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘ব্রেকিং ব্যাড’-এ তার অভিনীত চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পক্ষেও কাজ করেছেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
শন রেইলির তথ্য অনুযায়ী, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মিতে ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত সিরিজ। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজের তালিকায়ও এর নাম উল্লেখ করেছে।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
