আগামী ২৪-৩০ অক্টোবর আজারবাইজানে হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। পৃথিবীর ছয়টি মহাদেশের মোট ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে এই বিশ্বকাপে খেলবে। এর মধ্যে আছে বাংলাদেশও। ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। আগামী ২৫ ও ২৬ অক্টোবর গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেরা। ৩২টি গ্রুপের চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে খেলবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে প্লেট পর্যায়ে খেলবে দলগুলো।
বিজ্ঞাপন
বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই আমরা লড়ব।’ বাংলাদেশের গ্রুপ শক্ত প্রতিপক্ষ পর্তুগাল ও ওয়েলস রয়েছে। তবে তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে দল প্রস্তুত বলে জানান ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’ অনূর্ধ্ব-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ২০ মিনিট করে দুই অর্ধ মিলিয়ে ম্যাচ হবে ৪০ মিনিটে। নিয়ম অনুযায়ী প্রতিটি দলে আটজন করে খেলতে পারবেন।
এদিকে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপগামী দলকে উৎসাহ দিতে আজ হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক। অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’ অধিনায়ক ফাহিম দলের সবার জন্য ভালো মানের বুট চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। দলের সবাইকে বুট ও দুই গোলরক্ষকের জন্য ভালো মানের গ্লাভস সৌজন্য উপহার দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
