গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৪২টি।
সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১১৪, তেজগাঁও বিভাগে ৮১, লালবাগ বিভাগে ৫৮, ওয়ারী বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৪৬, উত্তরা বিভাগ ৪৫, রমনা বিভাগ ৩২, গুলশান বিভাগ ৩০ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করে।
এতে আরও জানানো হয়, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
