কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলার ১৮টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ এতে অংশ নেয়।
কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
কেএম
