বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে মাঠে সংঘর্ষে জড়িয়ে বড় শাস্তি পেয়েছেন রিয়াল বেতিসের উরুগুয়ান ফুটবলার ফাকুন্দো বেরনাল। ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাঁকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বেতিসের করা লাল কার্ড প্রত্যাহারের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। স্বাগতিক দল ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর ইয়ামালের সঙ্গে বিবাদে জড়ান বেরনাল। একপর্যায়ে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডকে মাথা দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনায় রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
শৃঙ্খলা কমিটির মতে, বেরনালের আচরণ সাধারণ ফাউলের পর্যায়ে পড়ে না; বরং এটি ফুটবলের শৃঙ্খলাবিধি অনুযায়ী আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। এ কারণেই তাঁকে চার ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার কারণে কোপা দেল রে এবং সেভিয়া ডার্বিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বেরনাল। তবে শাস্তির সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় রিয়াল বেতিস। ক্লাবটি জানিয়েছে, তারা আপিল কমিটির কাছে আবেদন করবে। বেতিসের মতে, মাঠের ঘটনার তুলনায় এই শাস্তি অতিরিক্ত কঠোর।
এ ঘটনায় শুধু বেরনালই নন, বেতিসের আরও দুই সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে শৃঙ্খলা কমিটি। ক্লাবটির ক্রীড়া পরিচালক মানু ফাজারদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁর আচরণকে ক্রীড়া আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে কমিটি।
অন্যদিকে, বেরনালকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন বেতিসের কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তবে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সতর্ক করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএ
