লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাহরিয়ার হোসেন রিয়াজ (৩৪) নামে এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ আট মাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
নিহত শাহরিয়ার হোসেন রিয়াজ রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের রামনগর গ্রামের মিয়াজি বাড়ির মনির হোসেন পাটোয়ারীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে সৌদি আরবে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে গত আট মাসে চারবার অস্ত্রোপচার করা হয়।
সর্বশেষ গত সপ্তাহে তার চতুর্থবার অস্ত্রোপচার করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তার জ্ঞান ফেরেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াজের মৃত্যুর বিষয়টি তার বাবা মনির হোসেন পাটোয়ারী গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেন।
এদিকে, রিয়াজের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
