‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ। আর এটাই সবচেয়ে বড় বিষয়।’—সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ মাহমুদ আল তিতুমীর।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা পৌঁছালে উপজেলা প্রশাসন তাকে ফুলের বনসাই গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী একটি দার্শনিক ভিত্তির কথা বলেন—সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।’
ধর্মীয় নেতাদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ মাহমুদ আল তিতুমীর বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। আমরা চাই, সমাজে পুরোহিতসহ ধর্মীয় নেতারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ঘাট থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
