কালবেলা · দেশ
ছেলের মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে মা, পাশাপাশি দাফন
২১/১০/২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলায় ছেলে তারাজুল ইসলামের (৪৫) মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা তারা বেগম (৬২)। বুধবার (২১ অক্টোবর) সকালে মা-ছেলেকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মারা যান দুজন। তারা উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, ছেলে তারাজুল ইসলামের মৃত্যুর খবর শোনার পর থেকেই অস্থির ছিলেন মা তারা বেগম। এরপর গ্রামে মসজিদের মাইক থেকে যখন ছেলের মৃত্যুর সংবাদ প্রচার হয়, তখন তার অস্থিরতা বেড়ে যায়। ঘণ্টাখানেক পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া শহরে রিকশা চালাতে যান তারাজুল। বিকেলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ পরেই মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ ধর্মকুল গ্রামের বাড়িতে পৌঁছালে মা, স্ত্রী, সন্তান ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। মা তারা বেগমও অসুস্থ হয়ে পড়েন। তারাজুলের মৃত্যুর ঘণ্টাখানেক পরই মারা যান তারা বেগম।
বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। মা-ছেলেকে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗