মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগকে কোনো অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর মতে, আত্মোপলব্ধি, সংশোধন ও মানুষের ভালোবাসার মধ্য দিয়ে ইশরাকের সামনে আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাহদী আমিন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, সেখান থেকেই ইশরাকের পদত্যাগের খবর জেনেছেন। ইশরাককে নিজের দীর্ঘদিনের পরিচিত ও রাজপথের আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন লেখেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাকের ভূমিকা এবং তাঁর পারিবারিক ঐতিহ্য সবার জানা। বিএনপির তরুণদের সম্পৃক্ত করা, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন কাজেও তাঁদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে জানান তিনি।
ইশরাকের সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। তবে যে উদ্যোগকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে সংশয়ের অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।
মাহদী আমিনের ভাষ্য, প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না। সাময়িক সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিক অবস্থান বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পোস্টের শেষাংশে মাহদী আমিন লেখেন, ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধন ও গণমানুষের ভালোবাসার মধ্য দিয়ে সামনে তাঁর জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে।
এমএম/
