নেত্রকোনার সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম ও তানভীর হায়াত খান প্রমুখ।
বিজ্ঞাপন
বক্তারা আলিফের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, তার পরিবারের পুনর্বাসন, সীমান্ত এলাকার চোরাচালান বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকির। তিনি রূপসীবাংলা নামক একটি আইপি টিভিতে সাংবাদিকতা করতেন। পাশাপাশি ডিটেকটিভ আর্টিক্যাল নামক একটি সংবাদভিত্তিক পেজ চালাতেন।
এমএইচ
