বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন মোহাম্মদ আলী। এবার পর্দায় উঠে আসছে এই কিংবদন্তি বক্সারের জীবনের গল্প। অ্যামাজন এমজিএম স্টুডিওস ও প্রাইম ভিডিও ঘোষণা করেছে নতুন সিরিজ ‘দ্য গ্রেটেস্ট’। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার ও পোস্টার।
জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর প্রাইম ভিডিওতে সিরিজটির সব পর্ব একসঙ্গে মুক্তি পাবে। বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে এটি। নতুন এই সিরিজে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত জালেন বেস্ট।
১৯৪২ সালে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নামে জন্ম নেওয়া আলীর জীবন, বক্সিংয়ে উত্থান এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে এতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তনশীল আমেরিকার প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি একজন অসাধারণ প্রতিভাবান তরুণের নিজের পরিচয় ও বিশ্বাসের পক্ষে লড়াইয়ের গল্প বলবে। বক্সিং রিংয়ে চ্যাম্পিয়ন হয়ে ওঠা থেকে শুরু করে নিজের দৃঢ় অবস্থানের মাধ্যমে বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা, সবই উঠে আসবে ‘দ্য গ্রেটেস্ট’-এ।
‘দ্য গ্রেটেস্ট’কে মোহাম্মদ আলীর জীবন নিয়ে নির্মিত প্রথম অনুমোদিত চিত্রনাট্যভিত্তিক সিরিজ হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান। সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন আলীর স্ত্রী লনি আলী। এটি তৈরি করেছেন ও নির্বাহী প্রযোজনার দায়িত্ব পালন করছেন বেন ওয়াটকিনস। সিরিজটির শো-রানার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ‘ক্রস’ ও ‘হ্যান্ড অব গড’ সিরিজে কাজ করেছেন ওয়াটকিনস।
সিরিজটির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন ক্যাসিয়াস ক্লে সিনিয়রের চরিত্রে ওমারি হার্ডউইক, ওডেসা ‘বার্ড’ ক্লের চরিত্রে ডানা গুরিয়ার, রুডি ক্লের চরিত্রে কাই পারহাম, সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ, অ্যাঞ্জেলো ডান্ডির চরিত্রে জিওভান্নি রিবিসি এবং ম্যালকম এক্সের চরিত্রে মাইকেল ইলি। হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত মোহাম্মদ আলী শুধু রিংয়ের সাফল্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি।
বর্ণবাদ, ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নেও নিজের অবস্থানের জন্য বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন তিনি।
ইসলাম গ্রহণের পর জন্মসূত্রে পাওয়া ক্যাসিয়াস ক্লে নামটি প্রত্যাখ্যান করেন আলী। নামটিকে তিনি দাসত্বের পরিচয় হিসেবে দেখতেন। এরপর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ‘মোহাম্মদ আলী’ নামটি। ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়ার বিরোধিতা করে সামরিক বাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
এর জেরে খসড়া আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং হারান বক্সিংয়ের শিরোপাগুলো।
তবে আদালতে আইনি লড়াই চালিয়ে যান আলী। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সেই দণ্ডাদেশ বাতিল করে। ১৯৮৪ সালে নিজের পারকিনসনস সিনড্রোমে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান আলী।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। বক্সিংয়ের সাফল্য, ব্যক্তিগত বিশ্বাস এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সব মিলিয়ে মোহাম্মদ আলীর জীবন কেবল একজন ক্রীড়াবিদের গল্প নয়।
‘দ্য গ্রেটেস্ট’ সিরিজে সেই বহুমাত্রিক জীবন কতটা গভীরভাবে উঠে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।
ডিসি/আপ্র/১৫/১০/২০২৬
