ভারতের রাজধানী দিল্লিকে কার্যত কারাগারে পরিণত করেছে নরেন্দ্র মোদির সরকার—এমন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি ট্রেন ও বাস চলাচলও থামিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সংবিধান রক্ষা ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
কংগ্রেসের পূর্বনির্ধারিত পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাহুল গান্ধী। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের কয়েকটি ভিডিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। ট্রেন ও বাস থামিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিকে একটি দুর্গে পরিণত করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লিকে কেন কারাগারে পরিণত করা হলো?’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানান কংগ্রেস নেতা। একই সঙ্গে বিরোধী নেতাদের আটক করার কারণ ব্যাখ্যা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাহুল গান্ধী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না? বিরোধী নেতাদের আটক করা হয়েছে। কারণ, আমরা সেই একই প্রশ্ন তুলছি, যে প্রশ্ন দুই নির্বাচন কমিশনারও তুলেছিলেন।’ সংবিধান রক্ষা এবং নির্বাচনি ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসব প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন।
