আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে পুকুরের পানি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে চঙ্গ শিমুলিয়া গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে মো. আবদুর রশিদ (৬৫) নামের ওই বৃদ্ধ পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুর রশিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। সকালে তিনি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে স্থানীয়রা ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দিলে, ফায়ার সার্ভিসের লিডার শাহিন আলমের নেতৃত্বে একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশন লিডার জানান, খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে।
