গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকেলে কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বিকেল ৪টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, বিকেল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে জানতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে এক টেলিফোন অপারেটর জানান, সফিপুর আনসার ক্যাম্পের বিপরীতে প্রতিষ্ঠানটির প্রধান কারখানা অবস্থিত। তবে সেখানে আগুন লাগার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
