আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের প্রশাসকরা কেউ প্রার্থী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত লিফলেট বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ঢাকা দক্ষিণের যে অবৈধ প্রশাসক দেওয়া হয়েছে, সেই প্রশাসককেই বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো। এটি কোন ধরনের গণতন্ত্র? এই প্রশাসকেরা কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? জেলা পরিষদ ও সিটি করপোরেশনে যত প্রশাসক দেওয়া হয়েছে, তারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যও প্রত্যাহার করতে হবে।
বর্তমান জাতীয় সংসদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং যে নতুন সংসদ গঠিত হয়েছে, এই সংসদের মূল্য আর দুই আনামাত্রও নেই। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, এই সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নেই, জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।
সরকারের পদত্যাগের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে চাই না। এর প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে চরম ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানি মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।
এছাড়া সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ এরই মধ্যে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।
লিফলেট বিতরণ ও পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
