স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবিপ্রধান শরিফুল ইসলাম বাংলানিউজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডির একটি মামলার সূত্রে সংস্থাটির অনুরোধে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে জামিনে মুক্তি পান তিনি।
এবার সিআইডির মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার করা হলো। অভিযোগগুলোর বিষয়ে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে।
