নির্মাতা আলী জুলফিকার জাহেদীর মনস্তাত্ত্বিক অপরাধ-থ্রিলার চলচ্চিত্র ‘রক্তছায়া’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওপেন টি বায়োস্কোপ’ বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
উৎসব আয়োজকদের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণবার্তায় ‘রক্তছায়া’ প্রদর্শনের আগ্রহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটির অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’ স্লোগান সামনে রেখে উৎসবটির আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ১৯৭৭ সাল থেকে সংগঠনটি দেশে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ এবং বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে কাজ করে আসছে।
উৎসবের ‘ওপেন টি বায়োস্কোপ’ বিভাগে মূলত ব্যতিক্রমী নির্মাণশৈলী, সৃজনশীলতা ও নিরীক্ষাধর্মী গল্প বলার প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত বিভাগের বাইরে থাকা এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও স্বাধীনভাবে নির্মিত চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে এ বিভাগ।
‘রক্তছায়া’ চলচ্চিত্রের গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক আলী জুলফিকার জাহেদী। “অ্যাডরিয়ান প্রোডাকশন্স”-এর ব্যানারে নির্মিত ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ইসমাইল হোসাইন লিটন। মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অপরাধ-থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি উৎসবের দর্শকদের সামনে উপস্থাপিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
উৎসব কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের সেন্সর সনদ এবং সাবটাইটেলসহ উচ্চ রেজল্যুশনের এইচডি এমপি৪ সংস্করণের ডাউনলোড লিংক জমা দিতে হবে। অংশগ্রহণের আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়ার পরই চলচ্চিত্রটির প্রচার কার্যক্রম পরিচালনা এবং উৎসবের আনুষ্ঠানিক লরেল ব্যবহারের সুযোগ থাকবে।
উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা, এশীয় চলচ্চিত্র, বিশ্ব চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, শিশুতোষ চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের সিনেমা প্রদর্শিত হবে। দেশি-বিদেশি চলচ্চিত্রের মেলবন্ধন তৈরির পাশাপাশি নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার ক্ষেত্র হিসেবেও এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিআলো/শিলি