রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় মাছ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) ও আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)। এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯) রয়েছেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।
