বিনোদন ডেস্ক: দেশের রক সংগীতপ্রেমীদের জন্য আজ ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা কার্নিভাল এরেনায় অনুষ্ঠিত হচ্ছে মেগা কনসার্ট ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’। জনপ্রিয় রক ব্যান্ড ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ কনসার্টে থাকছে নানা আয়োজন।
কনসার্টটির অন্যতম আকর্ষণ দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান। এ ছাড়া মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস, আর্কের হাসান, ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
কনসার্টকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’-এর সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ওয়ারফেজের টিপু, অর্থহীনের শিশির এবং শূন্য ব্যান্ডের লাবিব ও ইশমাম। অনুষ্ঠানে তারা কনসার্টটি নিয়ে নিজেদের প্রত্যাশা এবং সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, রক এন রিদমের পঞ্চম আসরে এমন কিছু নতুনত্ব রাখা হয়েছে, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। দর্শকদের জন্য শুধু একটি কনসার্ট নয়, বরং সম্পূর্ণ নতুন আবহ ও অভিজ্ঞতা তৈরি করাই তাঁদের লক্ষ্য। এবারের আয়োজন বাংলাদেশের রক সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা আশা করছেন।
তিনি আরও জানান, চলতি বছরের অন্যতম বড় কনসার্ট হিসেবে আয়োজনটি দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। খোলা আকাশের নিচে আয়োজিত এ কনসার্টে দর্শকেরা প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করার পাশাপাশি প্রাণবন্ত সংগীতের আবহে সময় কাটাতে পারবেন।
এটিভি/এসআইআর
