ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গতকাল জারি করা নোটিশে উল্লেখ করা হয়, যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে উত্থাপিত হয়েছে। নোটিশে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না।
এই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়। এ ঘটনায় নবীনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়েও এখনো বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আসাদুজ্জামান বিপ্লব বলেন, রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরবো। সংবাদ সম্মেলন শেষে ঢাকায় গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাবও দেবো।
