Published on
:
1 min read
এই সময়: পুজোর আনন্দে আবর্জনার পাহাড় নয়, উৎসব হোক পরিবেশবান্ধব। সেই লক্ষ্যেই কলকাতার সাতটি গুরুত্বপূর্ণ মণ্ডপে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিল টান্ডন গোষ্ঠী এবং ইন্ডিয়ান প্লাস্টিকস ফেডারেশন (আইপিএফ)। কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভার সহযোগিতায় শুরু হয়েছে ‘জ়িরো ওয়েস্ট দুর্গাপুজো ২০২৬’ কর্মসূচি।
এই উদ্যোগের আওতায় রয়েছে কলেজ স্কোয়্যার, টালা প্রত্যয়, ভবানীপুরের হরিশ পার্ক ব্যায়াম সমিতি ও অবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি, সিংহী পার্ক, মুদিয়ালি এবং সল্টলেক সাংস্কৃতিক সংসদ। দর্শনার্থীদের ভিড় সামলাতে এই সাতটি মণ্ডপে মোতায়েন করা হয়েছে ১২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক। পুজোর উদ্বোধন থেকে দশমী পর্যন্ত চারটি শিফটে দিনরাত চলবে তাঁদের কাজ। মণ্ডপ চত্বর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য উৎসেই আলাদা করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পাঠানো হচ্ছে রিসাইক্লিংয়ের জন্য। জৈব বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে সার। দর্শনার্থীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করছেন স্বেচ্ছাসেবকেরা। ফলে শুধু আবর্জনা সরানো নয়, বর্জ্য ফেলার অভ্যাসে বদল আনাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। নাগরিকদের সচেতন করে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় তাঁদের সরাসরি যুক্ত করার চেষ্টা চলছে।
পুজোর সময়ে কলকাতায় প্রতিদিন অতিরিক্ত প্রায় এক হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব উৎসবের বার্তা ছড়িয়ে দিয়ে বড় জনসমাগমে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মডেল গড়ে তোলাই উদ্যোগের লক্ষ্য। উৎসবের আনন্দের সঙ্গে পরিবেশরক্ষার দায়িত্বকে একসূত্রে বাঁধতে চায় টান্ডন গোষ্ঠী ও আইপিএফ।
