অতিথিদের কাছ থেকে বাড়ির মালিকরা কী ধরনের কাজ করিয়ে নিতে পারবেন, সে বিষয়ে নিয়মে পরিবর্তন এনেছে আবাসন ভাড়া দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি।
নতুন নিয়ম অনুযায়ী, বাড়ির মালিকরা সাতটি নির্ধারিত সাধারণ নিয়মের পাশাপাশি অতিথিদের কাছে অন্যান্য ‘যুক্তিসংগত’ অনুরোধও করতে পারবেন। তবে পরিচ্ছন্নতার জন্য ফি নেওয়া হলে অতিথিদের দিয়ে পরিচ্ছন্নতাকর্মীর সাধারণ কাজ করানো যাবে না।
নতুন নিয়মে বলা হয়েছে, অতিথিদের বিছানার চাদর খুলে রাখা, থালা-বাসন ধোয়া কিংবা এ ধরনের কাজ করতে বাধ্য করা যাবে না। আগামী ২০ নভেম্বর বা তার পর থেকে বুকিং করা সব সংরক্ষণের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
এয়ারবিএনবি বিবিসিকে বলেছে, বাড়ির মালিকরা অতিথিদের কাছ থেকে কী প্রত্যাশা করেন, তা বোঝাতে বাড়ির নিয়ম গুরুত্বপূর্ণ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ায় দেখা গেছে, এসব নিয়ম অনেক সময় বিভ্রান্তিকর, অতিরিক্ত কঠোর এবং ব্যবস্থাপনার জন্য জটিল হয়ে ওঠে।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘তাই আমরা নিয়মগুলো নতুনভাবে সাজিয়েছি, যাতে সেগুলো সহজে খুঁজে পাওয়া যায় এবং স্পষ্টভাবে নির্ধারণ করা যায়। পাশাপাশি এমন একটি নতুন নীতি যুক্ত করা হয়েছে, যা অনুরোধগুলোকে যুক্তিসংগত রাখবে এবং অতিথিদের জন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে দেবে না।’
এয়ারবিএনবির ওয়েবসাইটে প্রকাশিত নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণভাবে বাড়ির মালিকরা অতিথিদের এমন কোনো কাজ করতে বলতে পারবেন না, যেগুলো করতে উল্লেখযোগ্য সময় বা পরিশ্রম লাগে কিংবা সাধারণত পরিচ্ছন্নতাকর্মীরা করে থাকেন। এর মধ্যে রয়েছে বিছানার চাদর খুলে রাখা, বাড়ির বাইরে নিয়ে গিয়ে ময়লা ফেলা এবং থালা-বাসন ধুয়ে যথাস্থানে গুছিয়ে রাখা।
তবে বিশেষ কিছু পরিস্থিতিতে ব্যতিক্রমের সুযোগ থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদাহরণ হিসেবে বলা হয়েছে, স্থানীয়ভাবে খরার কারণে পানির ব্যবহার সীমিত রাখার বিধিনিষেধ থাকলে অতিথিদের গোসলের সময় কমিয়ে আনতে বলা যেতে পারে।
নতুন নিয়মে বাড়ির মালিকদের নির্ধারিত শর্তগুলো অতিথিদের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে। পাশাপাশি বুকিং-সংক্রান্ত অনুস্মারকেও এসব নিয়ম উল্লেখ থাকবে।
চুক্তির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইনগত বাধ্যবাধকতা কিংবা বাড়ির মালিকদের সমিতির নিয়মের কারণে প্রয়োজন হলে কেবল সীমিত কিছু পরিস্থিতিতে চুক্তি করা যাবে।
এয়ারবিএনবি জানিয়েছে, বাড়ির মালিকরা অতিথিদের ওপর জরিমানা আরোপ করতে পারবেন না। তবে বাড়ির নিয়ম ও অতিথিদের কাছে করা অনুরোধের বিষয়ে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে। কোনো মালিকের অনুরোধ এয়ারবিএনবির নীতিমালা লঙ্ঘন করলে বিষয়টি চিহ্নিত করা হবে। এ বিষয়ে দ্বিমত থাকলে মালিক আপিল করতে পারবেন।
বহু বছর ধরেই এয়ারবিএনবির অতিথিরা অভিযোগ করে আসছেন, থাকার জায়গা ছাড়ার আগে তাদের অযৌক্তিক কিছু কাজ করতে বলা হয়। বিশেষ করে পরিচ্ছন্নতার জন্য আলাদা ফি দেওয়ার পরও এমন কাজ করতে বলা নিয়ে তাদের অসন্তোষ রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিজেদের ভাড়া দেওয়া বাড়িতে অতিথিরা চলে যাওয়ার পর অত্যন্ত খুঁটিয়ে সবকিছু পরীক্ষা করার ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন এয়ারবিএনবির দুই হোস্ট ক্যাসি ও জন। তাদের এসব ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, অতিথিরা টেলিভিশনের রিমোট নির্ধারিত জায়গায় না রাখায় ওই দম্পতি তাদের ‘বাড়ির নিয়মের প্রতি অসম্মান’ করার অভিযোগ করেন।
কঠোর নিয়ম ও উচ্চ মানদণ্ড বজায় রাখার কারণে ওই দম্পতি সমালোচনার মুখেও পড়েছেন। তবে তারা বলেছেন, তাদের ভিডিওর বিষয়বস্তু ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তাদের এসব ভিডিও দেখে অন্য কনটেন্ট নির্মাতারাও কঠোর নিয়ম আরোপকারী বাড়ির মালিকদের নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেছেন। সূত্র: বিবিসি