প্রতিনিধি, শ্রীমঙ্গল · ১৮ অক্টোবর, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে সঙ্গে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, ভাই ও দাদি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। আহত ব্যক্তিরা হলেন আব্দুল মুহিত দিপু, তাঁর বড় ছেলে আয়ান (৮) ও মা শামছুন নাহার (৭০)।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রাইভেটকারটি মতিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর চেষ্টা করেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরবর্তী সময়ে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদি শামছুন নাহারের দুই পা এবং বড় ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গুগলে আমাদের খবর পেতে
