খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানিকৃত খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘ মেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
খাদ্য মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আমদানিকৃত চাল ও গমের গুণগত মান যাচাইয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খাদ্য পরীক্ষার জন্য মার্কিন বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশের আবহাওয়াগত পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণে নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন খাদ্যমন্ত্রী। এ ক্ষেত্রে খাদ্যশস্য সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারিগরি সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহায়তার সম্ভাবনা বিবেচনা করা হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়া চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতাও রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
