সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ও মানবতার সর্বোত্তম আদর্শ হজরত মুহাম্মদ (সা.)। তাঁর জীবন ছিল পবিত্র কোরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন।
আল্লাহ তাআলা তাঁকে মানবজাতির জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন। কীভাবে উত্তম মানুষ হওয়া যায়, কীভাবে সুন্দর চরিত্র গঠন করা যায় এবং কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথে চলতে হয়— এসব বিষয়ে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন।
ঘুম থেকে জেগে ওঠা মানুষের জীবনের প্রতিদিনের ঘটনা। তবে একজন মুমিনের কাছে নতুন দিনের শুরু হতে পারে মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে। এ জন্য ঘুম থেকে ওঠার পর বিশেষ দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। এ দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মৃত্যুর পর পুনরুত্থানের কথাও স্মরণ করা হয়।
ঘুম আল্লাহর অন্যতম নেয়ামত
ঘুম মহান আল্লাহর অন্যতম নেয়ামত। দিনের কর্মব্যস্ততার পর ঘুম মানুষের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম সুস্থ থাকার জন্যও গুরুত্বপূর্ণ। তাই ঘুমের আগে ও পরে আল্লাহর স্মরণ এবং সুন্নতসম্মত আমল পালনের মাধ্যমে দৈনন্দিন জীবনেও ইবাদতের চর্চা করা যায়।
রাতে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানো এবং ফজরের নামাজের জন্য সময়মতো জেগে ওঠার অভ্যাস করা উচিত। ঘুমের কারণে যেন ফরজ নামাজ ছুটে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায়
ঘুম থেকে জেগে ওঠার পর মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা সুন্নত। এ সময় রাসুলুল্লাহ (সা.) যে দোয়াটি পড়তেন, তা হাদিসে বর্ণিত হয়েছে।
দোয়াটি হলো—
আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর মতো নিদ্রার পর জীবিত করেছেন। আর তাঁর কাছেই পুনরুত্থান।
(সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪)
এই দোয়ায় ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করে জাগরণের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুর পর তাঁর কাছেই ফিরে যেতে হবে—সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
রাতে ঘুম থেকে জেগে যে দোয়া পড়বেন
রাতের ঘুম থেকে জেগে আল্লাহর জিকির করার বিশেষ ফজিলতের কথাও হাদিসে এসেছে। ঘুম থেকে জেগে নিচের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়।
আরবি:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আলহামদু লিল্লাহি, ওয়া সুবহানাল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মাগফির লি।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, সব প্রশংসাও তাঁরই। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পবিত্র। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।
হাদিসে বর্ণিত হয়েছে, রাতে ঘুম থেকে জেগে এ ধরনের জিকির পাঠ করার পর কেউ আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুলের সুসংবাদ রয়েছে। এরপর অজু করে নামাজ আদায় করলেও বিশেষ ফজিলতের কথা এসেছে।
-used-to-recite-upon-waking-up-6acef97e927ba.jpg&w=1440&q=75)