ভ্রাম্যমাণ প্রতিনিধি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মধুপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। এতে উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খানপাড়া স্পোর্টিং ক্লাব।
খেলার শুরুতে মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের সদস্যরা অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আসন্ন মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার রহমান।
খেলায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদত জামান মনু। ফাইনালে খানপাড়া স্পোর্টিং ক্লাব ও উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হয়। উভয় দলের খেলোয়াড়েরা পাঁচটি করে শট নেওয়ার পর খানপাড়া স্পোর্টিং ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জুলফিকার রহমান বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে একটি রাজহাঁস তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার রহমান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসনীয়। আমি আশা করি, মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাব ভবিষ্যতেও তরুণদের প্রতিভা বিকাশে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে শাহাদত জামান মনু বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। জয়-পরাজয় খেলারই অংশ। তাই প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা জরুরি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সমাজের সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।”
এ সময় বিজয়ী দলের পরিচালক ও সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ খেলোয়াড়দের উদ্দেশে গঠনমূলক বক্তব্য দেন।
তিনি বলেন, “খেলাধুলায় জয়ী হওয়ার চেয়ে বড় বিষয় হলো নিয়ম-শৃঙ্খলা মেনে খেলা, প্রতিপক্ষকে সম্মান করা এবং দলীয় ঐক্য বজায় রাখা। আজ যারা জয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি রানার্সআপ দলের খেলোয়াড়দেরও হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এলাকার তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরুক এবং সমাজের জন্য ইতিবাচক অবদান রাখুক।”
খেলাটি দেখতে বিকেল থেকেই মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে মধুপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
