ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি আবারও বিয়ে করেছেন? ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এমনই প্রশ্নের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন ক্যাপশনে ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে সত্যিই বিয়ে করেছেন, নাকি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ হিসেবে এসব ছবি প্রকাশ করেছেন, তা এখনো নিশ্চিত নয়।
প্রকাশিত ছবিতে চমক ও আরিফিন শুভকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে হাসিখুশি অবস্থায় দেখা গেছে। একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা যায়। তাঁদের একসঙ্গে এমন উপস্থিতি দেখে ভক্তদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ছবিগুলো কি বাস্তব জীবনের কোনো বিশেষ মুহূর্তের, নাকি পর্দার নতুন কোনো গল্পের দৃশ্য।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখেছেন চমক। তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের এমন বক্তব্যে কৌতূহল আরও বেড়েছে। তবে তাঁর কথায় বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, আরিফিন শুভর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চমকের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ ছবিগুলোকে নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ বলে ধারণা করছেন, আবার কেউ জানতে চাইছেন, এর পেছনে অন্য কোনো সুখবর রয়েছে কি না।
তবে এখন পর্যন্ত চমক ও আরিফিন শুভর বিয়ে কিংবা তাঁদের সম্পর্ক নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। ফলে ছবিগুলোর প্রকৃত ঘটনা জানতে অপেক্ষা করতে হচ্ছে চমকের পরবর্তী ঘোষণার জন্য।
