Published on
:
2 min read
এই সময়, ঝাড়গ্রাম: দুর্গা পুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে এবং যানজট এড়াতে গাড়ি ও টোটো চলাচলের নির্দিষ্ট রুট এবং দুর্গা পুজো গুলির অবস্থান চিহ্নিত করে গাইড ম্যাপ প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইড ম্যাপের প্রকাশ করা হয় ও পুজো কমিটি গুলিকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা–সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা।
ঝাড়গ্রাম শহরে কোন পথে প্রতিমা দর্শনে যাবেন দর্শনার্থীরা তার জন্য গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে এ দিন। টোটো চলাচলের রুট, একমুখী রাস্তা, গাড়ির পার্কিং ও ভারী যান চলাচলের সময়সূচী জানানো হয়েছে রুট ম্যাপের মাধ্যমে। দুপুর দুটো থেকে রাত দু’টো পর্যন্ত ঝাড়গ্রাম শহরের মধ্যে পুজোর দিনগুলিতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে কেড়িয়া পেট্রল পাম্প পর্যন্ত রাজ্য সড়কের উপরে টোটো চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি টোটো চলাচলের একটি নির্দিষ্ট রুট চিহ্নিত করেছে জেলা পুলিশ। দর্শনার্থীদের সহযোগিতায় পুলিশ সহায়তা কেন্দ্রও খোলা হচ্ছে। শহরের পাঁচ মাথার মোড়, পূর্বাশা পূজা কমিটি, অফিসার্স ক্লাব, বাছুরডোবা ইয়ং ইলেভেন ক্লাব, জামদা উত্তরায়ণ পূজা কমিটি এবং পুরাতন রাজবাড়ীর মোড়ে থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র। জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘শহরের মধ্যে যানজট এড়াতে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে।’ পুজোর গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি জেলার পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এ দিনের পুলিশ লাইনে মন্ত্রী,বিধায়ক,জেলাশাসক, পুলিশ সুপার সহায়তার চেক তুলে দিয়েছেন। জানা গিয়েছে, জেলা জুড়ে প্রায় ২৮০টি সর্বজনীন দুর্গাপুজো রয়েছে। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন,' যে সমস্ত পুজো কমিটি গুলি বিভিন্ন কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত ছিল। তাঁদের এ বার সরকারি সহযোগিতার আওতায় নিয়ে আসা হয়েছে।’ জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, ‘পুলিশ ও প্রশাসন পুজোর দিনগুলিতে সজাগ থাকবে।’
অন্যদিকে, বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাতে মহিলা পর্যটক বারুইপুরের বাসিন্দা প্রীতি দত্তের মৃত্যুর পর পর্যটনস্থল গুলিতে নজরদারি ও নিরাপত্তার বাড়িয়েছে বেলপাহাড়ি থানার পুলিশ। ঘাগরা জলপ্রপাত, হুদহদী জলপ্রপাত বিভিন্ন পর্যটনস্থল দড়ি দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি খাঁদারানই লেক– সহ একাধিক পর্যটনস্থলে বিপদের সতর্কতার লিফলেট টাঙানো হয়েছে। পুজোর কয়েকটা দিন বেলপাহাড়িতে পর্যটকের ভিড় উপচে পড়তে চলেছে বলে দাবি জেলার পর্যটন ব্যবসায়ীদের। জেলা পুলিশ সুপার বলেন,‘ পর্যটনস্থল গুলিতে পুজোর দিনগুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। পর্যটকের সহযোগিতায় জেলা পুলিশ পাশে রয়েছে।’
