আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ কুমার মজুমদার, যুগ্ম আহ্বায়ক শ্রী জগদীশ চন্দ্র সরকারসহ স্থানীয় পূজা কমিটির নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি সুলতানা আহমেদ বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নারী পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নারী আনসার সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, পুলিশ ও স্থানীয় আয়োজকদের সম্মিলিত উদ্যোগে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে।
The post ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় মতবিনিময় সভা appeared first on ভোরের চেতনা.
