২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় আলোচনা সভা এবং সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর দাবি, ওই ঘটনার মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের সূচনা হয়েছিল।
তিনি আরও বলেন, ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
বিবৃতিতে জামায়াতের সব শাখাকে ঘোষিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছে দলটি।
এমএমটি
-20261025072451.jpg&w=1440&q=75)