অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে জয় ভারতেরগ্রাফিক্স: রাতুল মণ্ডল
Published on
:
2 min read
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জয়ের ছন্দ বজায় রাখল ভারত। প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতীয় ফুটবল দলের। গোল করেছিল বাংলার ছেলে সৌম্যজিৎ। রবিবার গ্রুপ ‘K’-র দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনকে হারাল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। আজ়ারবাইজানের বাকুতে হোভসান কমপিটিশন কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে ২-১ গোলে জয় পেল ব্লু কোল্টসরা। ম্যাচে ভারতের হয়ে জয়সূচক গোল করে রালরেমরুয়াতফেলা। অন্য দিকে, পেনাল্টি বাঁচিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গোলকিপার জেনিত নিংথৌজাম। একমাত্র দল হিসেবে গ্রুপ ‘K’-তে টানা দুই ম্যাচে জয় পেল ভারত।
শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভারত
বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ম্যাচের প্রথম মিনিটেই দীপক সিং আরামবামের নেওয়া কর্নার থেকে ক্যামেরুনের বক্সে তৈরি হয় বিভ্রান্তি। বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালে বল জড়িয়ে দেয় ক্যামেরুনের ফারেইল এনগোবো। এই আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত।
এর পরে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে ক্যামেরুন। তবে ভারতীয় ফুটবলাররা রক্ষণে ভুল করেনি। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বিপক্ষকে আটকানো থেকে করে সঠিক সময়ে স্লাইডিং ট্যাকল—সব ক্ষেত্রেই সতর্ক ছিল ব্লু কোল্টসরা। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরায় ক্যামেরুন। ডান দিক থেকে মোকতারের বাড়ানো ক্রস ভারতীয় ফুটবলার মহম্মদ সোহিল খানের গায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরে।
দ্বিতীয়ার্ধে রালরেমরুয়াতফেলার গোলে জয়
বিরতির পরে নতুন উদ্যমে মাঠে নামে ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনানদেভ আহেইবামকে নামান ভারতের কোচ। ৬২ মিনিটে মাঝমাঠে দুরন্ত ট্যাকলে বলের দখল নেন তিনি। সেই বল বাড়িয়ে দেন দীপকের উদ্দেশে। বল পেয়ে দীপক বক্সের মধ্যে নিচু ক্রস বাড়ান। ঠান্ডা মাথায় বাঁ পায়ের নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে দেন রালরেমরুয়াতফেলা। ২-১ গোলে লিড নেয় ভারত।
পেনাল্টি বাঁচিয়ে নায়ক জেনিত
৭৭ মিনিটের মাথায় বিপাকে পড়েছিল ভারত। বক্সের ভিতরে হ্যান্ডবল করে বসেন নারা মেইতেই। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি ক্যামেরুন। হারুনা আবদুলায়ের পেনাল্টি দুরন্ত দক্ষতায় আটকে দেন ভারতীয় গোলকিপার জেনিত নিংথৌজাম। তাঁর এই সেভে লিড ধরে রাখে ভারত। শেষ দিকে ডিফেন্স মজবুত রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল ব্লু কোল্টসরা। শেষে ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে ভারত।
The #BlueColts make it two wins on the bounce with a hard-fought victory over Cameroon. 🤩💙 Next up: Grenada at 17:15 IST, later today. 🇬🇩🇮🇳 #INDCMR #GRNIND #IndianFootball https://t.co/TKLV2VRSBE
— Indian Football (@IndianFootball) October 25, 2026
পরের ম্যাচ গ্রেনাডার বিরুদ্ধে
ক্যামেরুনকে হারানোর পরে রবিবারই গ্রেনাডার বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে ভারত। এর পরে ২৬ অক্টোবর যোগ্যতা অর্জন পর্বের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ বাহরিন ও সেনেগাল। টানা দুই জয়ে ফলে আত্মবিশ্বাসী ভারত। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স জারি রাখাই লক্ষ্য অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলারদের।
