ফুটবলারদের সংস্থা ‘ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’ তৈরির জন্য আগ্রহী ফুটবলারদের থেকে আবেদনপত্র আহ্বান করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। নতুন জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী প্রত্যেকটি ফেডারশনে ভোটাধিকার থাকবে ক্রীড়াবিদদের। সেই জন্য একটি সংস্থা তৈরি করতে হবে। ফেডারেশন সেই সংস্থা গঠনের জন্য কাজ শুরু করে দিতেই ফুটবলারদের বর্তমান সংস্থা ‘ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’ বা ‘এফপিএআই’ আইনি পরামর্শ নিতে শুরু করল। যেহেতু ভারতে ইতিমধ্যেই ফুটবলারদের নিজস্ব অ্যাসোসিয়েশন রয়েছে, তাই নতুন অ্যাসোসিয়েশন গঠনে বিরোধিতা করছে এফপিএআই।
২০০৬ সাল থেকে এফপিএআই এদেশের ফুটবলারদের সমস্যায় পাশে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক ফুটবলারদের সংস্থা ফিপরোর স্বীকৃত এই সংস্থা বারবার ফেডারেশনের ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠনের বিরোধিতা করে এসেছে। তাঁদের বক্তব্য ছিল, যেহেতু দীর্ঘদিন ধরে ভারতে ফুটবলারদের নিজস্ব একটি সংগঠন রয়েছে। তাহলে কেন ফেডারেশনের নিয়ন্ত্রণে নতুন করে আরও একটি সংগঠন তৈরি হবে। তার বদলে এফপিএআইকেই সেই জায়গায় অন্তর্ভুক্ত করুক ফেডারেশন।
বিতর্ক দানা বাঁধে এখানেই। এদিন নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে এআইএফএফ ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠনের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আবেদনকারীর যোগ্যতা হতে হবে আঠারো বছরের উর্দ্ধে। একইসঙ্গে আবেদনকারীকে সিনিয়র অথবা বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। অথবা জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকতে হবে।
ফেডারেশন যেদিন নতুন সংবিধান অধিগ্রহণ করেছিল, সেদিনই জানা গিয়েছিল ফুটবলারদের সংস্থা তৈরি করতে হবে। সেই সময় থেকেই এফপিএআই ফেডারেশনকে চিঠি দিয়ে তাঁদের স্বীকৃতি দিতে অনুরোধ করেছিল। কিন্তু এআইএফএ সেই পথে হাঁটেনি। ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বর্তমানে প্রাক্তন ফুটবলার ও বর্তমান বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ফেডারেশনের আবেদনপত্রের আহ্বানের খবর পেতেই মেহরাজ বলেন, “আমি খবরটা শুনলেও পুরো বিষয় বিস্তারিত জানি না। আগে জানি, তারপর আমাদের আইনি পরামর্শ নিতে হবে। তারপর এই বিষয়ে কথা বলতে পারব। আমরা আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছিলাম আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।”
এদিন এআইএফএফের তরফে বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে যোগ্য ব্যক্তিদের ফেডারেশনের দেওয়া ই-মেলে আবেদন করতে হবে। এর আগের বিজ্ঞপ্তির পর যে আবেদনপত্র জমা পড়েছিল সেগুলোও গ্রাহ্য হবে বলে জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।
