Published on
:
2 min read
২০২৮ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে পাকিস্তানে। ICC-র পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সূচি। ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। তবে ভারতীয় দলের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) খেলা হোক, এমনটাই চাইছে পাকিস্তান। ICC-ও ভারতের ম্যাচের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বার এই নিয়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কী শর্ত দিয়েছে তারা?
চ্যাম্পিয়ন্স ট্রফির মডেলে হাঁটতে চাইছে পাকিস্তান
ICC ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে কোনও টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচে হাইব্রিড মডেল চালু রয়েছে। দুই দেশের এই মডেল অনুযায়ী ভারত বা পাকিস্তানের মধ্যে কোনও একটি দেশ আয়োজক হলে অন্য একটি দল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই হাইব্রিড মডেল কার্যকর হয়েছিল। পাকিস্তান ছিল আয়োজক। তবে ভারতের সব ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।
দুবাইয়ে ফাইনাল জিতে চ্যাম্পিয়নও হয়েছিল ভারত। অন্য দিকে, যে সেমি ফাইনালে ভারত খেলেনি সেটা-সহ মোট ১০টি ম্যাচ আয়োজন করেছিল পাকিস্তান। ২০২৮ সালের বিশ্বকাপেও এই পথে হাঁটতে চায় PCB।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে তারা প্রস্তুত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, ICC-র কাছে সেই ব্যবস্থা চালু রাখার আবেদন জানানো হবে। ওই আধিকারিকের কথায়, ‘ভারতীয় দল যে ম্যাচগুলিতে খেলবে না, সেই ম্যাচগুলি এবং দুই গ্রুপের বাকি সব ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। নকআউট পর্বে ভারত না খেললে সেই ম্যাচগুলিও আয়োজনে আগ্রহী আমরা।’
তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে UAE-কে চাইছে পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তান থেকে দুবাইয়ে যাতায়াত তুলনামূলক সহজ। তাই যাতায়াত ও অন্যান্য আয়োজনের খরচ কমানো সম্ভব বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতের ম্যাচের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়
বিশ্বের অন্যতম শক্তিশালী মহিলা ক্রিকেট দল ভারত। ফলে নকআউট পর্বে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে তাদের। PCB কর্তার বক্তব্য অনুযায়ী, ভারত ফাইনালে না উঠলে লাহোরে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করতে পারেন তারা। তবে ভারতের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও নিশ্চিত করেনি ICC। তাই UAE-তে ভারতের ম্যাচ আয়োজনের বিষয়টি আপাতত সম্ভাবনা হিসেবেই রয়েছে।
